https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে ২৪ জন ক্রুসহ পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় বাংলাদেশিসহ ২২ নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এমভি ওশন উইনার’ নামের জাহাজটি ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। জাহাজে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন।
শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় ভারতের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। এরপর ভারতীয় কোস্টগার্ড সম্ভাব্য দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। রাত ৮টার দিকে দুজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়।
নিখোঁজদের উদ্ধারে পরে ভারতীয় নৌবাহিনীও অভিযানে যোগ দেয়। তিনটি নৌযান মোতায়েন করে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে।
জাহাজটি ঠিক কখন ও কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।