https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে মৃত্যু হয়েছে ২৪ জনের। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯০৪ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৩১ জন। এ পর্যন্ত মোট ৪০ হাজার ৭০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৫০৭ জন। এরপর খুলনা বিভাগে ২৩৫ জন, চট্টগ্রামে ১৯৮ জন, বরিশালে ১৫৩ জন, রাজশাহীতে ৯৯ জন এবং ময়মনসিংহে ৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর বর্ষা মৌসুমের সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপও ক্রমেই বাড়ছে।