রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। পল্টন মডেল থানার পুলিশ তাঁদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে।
পুলিশের অভিযোগ, জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। আদালত ২৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁদের জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।
এর আগে শনিবার দুপুরের পর গুলিস্তানের জিপিও মোড় এলাকায় জাসদ কার্যালয় ঘেরাও করেন যুবদলের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক চলছে, অভিযোগের পর পুলিশ কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে বিপুলসংখ্যক ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে জড়ো হয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। পরে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, নাশকতা বা অন্য কোনো উদ্দেশ্যে জাসদ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা সেখানে একত্রিত হয়েছেন, এমন তথ্য পুলিশের কাছে ছিল।
আটক অন্য ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন