কম্বোডিয়ার সাইবার প্রতারণা কেন্দ্রে আটকে থাকার পর দেশে ফিরেছেন ৩০ বাংলাদেশি। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে গত ৩ সেপ্টেম্বর কম্বোডিয়ার রাজধানী নমপেনের বিমানবন্দরে দেশে ফেরার উদ্দেশ্যে গেলে ৩২ বাংলাদেশিকে আটক করে দেশটির অভিবাসন পুলিশ। পরে দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জনকে অভিবাসন আটককেন্দ্রে রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে দালাল চক্র এসব বাংলাদেশিকে কম্বোডিয়ায় নিয়ে যায়। সেখানে তাঁদের অনেককে জোরপূর্বক সাইবার প্রতারণাকেন্দ্রে কাজ করতে বাধ্য করা হয়। পালানোর চেষ্টা করলে তাঁদের ওপর নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে।
এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড তাঁদের মুক্তি ও দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নিতে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দিয়েছিল। সংশ্লিষ্ট উদ্যোগের পর তাঁরা দেশে ফিরলেন।

মন্তব্য করুন