নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং স্যানিটেশন ও অতিদরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় ৭ হাজার ২৪৫ কোটি টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে বরাদ্দ করা হবে ৫০০ কোটি টাকা।

রোববার (২৭ সেপ্টেম্বর) পিকেএসএফ ভবন-১-এ পরিচালনা পর্ষদের সভায় এসব অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ পরিচালনা পর্ষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে নতুন উদ্যোক্তা তৈরির জন্য ৫ হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, সেবা এবং বিভিন্ন ভ্যালু চেইনভিত্তিক কার্যক্রমে এ অর্থায়ন করা হবে।

এ উদ্যোগের মাধ্যমে স্বল্পআয়ের মানুষের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য রয়েছে।

এদিকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সরকারি বরাদ্দের ৫০০ কোটি টাকার আওতায় বিশেষ অর্থায়ন কার্যক্রম নিয়েছে পিকেএসএফ। এ জন্য ‘সৌরশক্তি’ নামে বিশেষায়িত ঋণ নীতিমালা অনুমোদন করা হয়েছে। সহযোগী সংস্থার মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে এই ঋণ বিতরণ করা হবে।

এ ছাড়া পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর জন্য ক্লাস্টারভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ, সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী ও কৃষিসহ বিভিন্ন খাতে প্রায় ২ হাজার কোটি টাকার ঋণও অনুমোদন করা হয়েছে।