গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান ও একাধিক গুদাম পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে সাখাওয়াত ও আকতারের মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুনে রফিকুল ইসলামের স্যানিটারি দোকান, ফালান মিয়ার মুরগির দোকান, সফিকের ঝুট গুদাম, তুলার গুদাম, একটি ভাঙারির দোকান এবং বায়তুল জান্নাত জামে মসজিদ পুড়ে গেছে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
মধ্যরাতে বাজারের একাধিক দোকান, গুদাম ও মসজিদ পুড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ তদন্তের পর স্পষ্ট হবে।

মন্তব্য করুন