মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতকে কেন্দ্র করে সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ, অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রফতানি পুনরুদ্ধারের কিছু ইঙ্গিতকেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৯১ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩২ ডলারে লেনদেন হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্ন নিয়ে বাজারে এখনো উদ্বেগ রয়েছে। যদিও অঞ্চলটি থেকে তেল রফতানি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার কিছু লক্ষণ দেখা যাচ্ছে, তবু সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে চাপ তৈরি করছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী অঞ্চল হওয়ায় সেখানে সংঘাত বা পরিবহনব্যবস্থায় বিঘ্নের আশঙ্কা দেখা দিলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে দ্রুত প্রভাব পড়তে পারে।

এদিকে ইরানকে নিষেধাজ্ঞার আওতায় থাকা তহবিল ছাড় দেওয়ার খবরও প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক এবং অঞ্চলটির ভবিষ্যৎ সরবরাহ পরিস্থিতি এখনো তেলবাজারের জন্য গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার বিষয় হয়ে রয়েছে।