যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারের ভেতরে বন্দি অবস্থায় দেখানো হচ্ছে! তবে বাস্তবে নয়, ইরানের রাজধানী তেহরানের রাস্তায় তৈরি করা হয়েছে এমনই এক ব্যতিক্রমী প্রদর্শনী। যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রতিবাদে তৈরি এই ইনস্টলেশনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (২১ অক্টোবর) তেহরানের তাজরিশ স্কয়ারে প্রদর্শনীটি দেখা যায়। সেখানে কৃত্রিম কারাগারের ভেতরে ট্রাম্পের মুখাবয়বের মতো মুখোশ পরা এক ব্যক্তিকে হাঁটাচলা করতে দেখা যায়। আশপাশে থাকা বিলবোর্ডে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনা করে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীতে এমন একটি বার্তাও রয়েছে, যেখানে এই দৃশ্য না দেখাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। আয়োজকদের এই ব্যতিক্রমী আয়োজনের সামনে দাঁড়িয়ে অনেক পথচারীকে দৃশ্যটি দেখতে দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, তেহরানের পৌর কর্তৃপক্ষ এই প্রচারণার সঙ্গে যুক্ত। তবে এটি ট্রাম্পের প্রকৃত গ্রেপ্তার বা কারাবন্দিত্বের ঘটনা নয়; বরং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ক্ষোভ প্রকাশের একটি প্রতীকী আয়োজন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা সাম্প্রতিক সামরিক সংঘাতে আরও তীব্র হয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
এই সংঘাতের প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক বিমান চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে তেহরানের রাস্তায় ট্রাম্পকে প্রতীকীভাবে কারাগারে বন্দি দেখানোর ঘটনাটি যুক্তরাষ্ট্রবিরোধী প্রতিবাদের নতুন উদাহরণ হিসেবে সামনে এসেছে। ব্যতিক্রমী এই প্রদর্শনী ঘিরে এখন অনলাইনে চলছে আলোচনা।

মন্তব্য করুন