https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইসরায়েলের তেল আবিবে আবারও সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন শত শত মানুষ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে ঘটে যাওয়া নিরাপত্তা ব্যর্থতার বিষয়ে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন না করায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
শনিবার (১৩ জুন) তেল আবিবের হাবিমা স্কয়ারে আয়োজিত সমাবেশে প্রায় ৫০০ জন অংশ নেন। সেখানে বক্তারা অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে স্বাধীন তদন্ত এড়িয়ে রাজনৈতিক প্রভাবাধীন একটি তদন্ত কাঠামো গঠনের চেষ্টা করছে।
গাজায় অপহরণের পর নিহত ৮০ বছর বয়সী ইয়োরাম মেটজগারের পুত্রবধূ আয়ালা মেটজগার বলেন, হামলার ঘটনার পর যত সময় পার হচ্ছে, ততই নতুন প্রশ্ন সামনে আসছে। তার মতে, আইনের আওতায় গঠিত রাষ্ট্রীয় তদন্ত কমিশনই এমন ঘটনার নিরপেক্ষ অনুসন্ধানের একমাত্র গ্রহণযোগ্য উপায়। তিনি অভিযোগ করেন, সরকারের প্রস্তাবিত তদন্ত কমিটি রাজনৈতিকভাবে প্রভাবিত হবে এবং এতে প্রকৃত সত্য উদঘাটনের সুযোগ সীমিত থাকবে।
সমাবেশে বক্তব্য দেন নোভা সঙ্গীত উৎসবে হামলায় নিহত ওরিয়া লিটম্যানের বাবা এরান লিটম্যানও। তিনি বলেন, তার মেয়ের মৃত্যু রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের করুণ পরিণতি। একই সঙ্গে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে কিছু গোষ্ঠীর অব্যাহতি দেওয়ার নীতিরও সমালোচনা করেন তিনি।
বিক্ষোভ চলাকালে সরকারপন্থি এক কর্মী ঘটনাস্থলে এসে ভিডিও ধারণের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্টদের ছেড়ে দেওয়া হয়।