ঢাকা
২৭ আগস্ট ২০২৬

বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনী আর্থিক উদ্যোগে সহযোগিতার আশ্বাস গভর্নরের

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০১ জুলাই ২০২৬   ৩৩ বার পঠিত
বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনী আর্থিক উদ্যোগে সহযোগিতার আশ্বাস গভর্নরের

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, দেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে কেন্দ্রীয় ব্যাংক সহায়ক ভূমিকা অব্যাহত রাখবে। পাশাপাশি প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় বিদেশি বিনিয়োগ এবং উদ্ভাবনভিত্তিক আর্থিক উদ্যোগগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে মিৎসুই অ্যান্ড কোম্পানির ঢাকা ও টোকিও কার্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশের আর্থিক খাতের সাম্প্রতিক নীতিগত অগ্রগতি, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা প্রত্যাবাসন, ডিজিটাল ব্যাংকিং, আধুনিক পেমেন্ট অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

গভর্নর বলেন, মিৎসুই অ্যান্ড কোম্পানির যেকোনো গঠনমূলক উদ্যোগ প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠকে ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ জোরদার রাখা এবং সম্ভাব্য সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031