ঢাকা
২৩ জুলাই ২০২৬
শিরোনাম
বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা ঠেকাতে নৌমন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগাং চেম্বার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই পরিচালিত হবে বৈদেশিক সম্পর্ক : খলিলুর রহমান পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর সংকটের সময় বাংলাদেশকে চীন সবসময় সহায়তা দিয়েছে : রাষ্ট্রদূত উত্তাল দিল্লি চাপে মোদি সরকার আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী পোশাক শিল্পে নীতিগত সহায়তা চাইল বিজিএমইএ, উচ্চপর্যায়ের কমিটি গঠন ভারতে বিক্ষোভ তীব্র, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণা করতে চায় ইসি বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, শুক্রবার বসছে প্রতীক্ষিত কনসার্ট

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণা করতে চায় ইসি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণা করতে চায় ইসি

ছবি: -সংগৃহীত

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী আগস্টের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। কমিশনের আশা, আগামী অক্টোবরেই প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু করা সম্ভব হবে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন কতটি ধাপে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অল্প সময়ের মধ্যে যত বেশি সম্ভব নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা বা সিটি করপোরেশনের মধ্যে কোন প্রতিষ্ঠানের নির্বাচন আগে হবে, তা এখনই নির্ধারণ করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার্থে যে প্রতিষ্ঠানের নির্বাচন আগে শুরু হবে, সেটির পুরো প্রক্রিয়া শেষ করেই পরবর্তী প্রতিষ্ঠানের নির্বাচনে এগোনোর পরিকল্পনা রয়েছে। তবে আদালতের কোনো নির্দেশনা বা আইনগত বাধ্যবাধকতা থাকলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ কিংবা প্রবাসী ভোটারদের ভোটাধিকার বিষয়ে এখনো কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান এই নির্বাচন কমিশনার।

জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেগুলো স্থানীয় সরকার নির্বাচনেও অনুসরণ করা হবে। একই সঙ্গে সহিংসতা কমিয়ে আনতে কমিশন সর্বাত্মক প্রস্তুতি নেবে।

আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, নতুন আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বর্তমান স্থানীয় সরকার আইনেই নির্বাচন আয়োজন সম্ভব উল্লেখ করে তিনি বলেন, আইন সংশোধন হলে সংশোধিত আইন অনুযায়ী নির্বাচন হবে, আর সংশোধন না হলেও বিদ্যমান আইনেই ভোটগ্রহণ সম্পন্ন করা যাবে। তাই নির্বাচন পেছানোর কোনো কারণ দেখছেন না কমিশন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031