বাংলাদেশে এবার উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশে এবার বর্ণিল, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে এই উৎসবে অংশ নিয়ে দুই দেশের সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পেয়েছেন বলেও জানান তিনি।
সম্প্রীতি গড়ে তুলতে সবার মধ্যে সহাবস্থান জরুরি উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, পূজায় তিনি শুধু হাইকমিশনার হিসেবে আসেননি, বরং পরিবারের একজন সদস্য হিসেবে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এসেছেন।
এ সময় তিনি দেশ ও মানুষের শান্তি ও মঙ্গল কামনা করে অঞ্জলি দেন। বাংলাদেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা উৎসবমুখর পরিবেশেই শেষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী।


মন্তব্য করুন