https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করতে ইরানের সঙ্গে আজ বা আগামীকালের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এমন চুক্তি হলে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও কমতে পারে বলে মনে করছে ওয়াশিংটন।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং আজ কিংবা আগামীকালের মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়া ও চলমান উত্তেজনা প্রশমনে একটি সমঝোতা হতে পারে বলে তিনি আশাবাদী।
সম্ভাব্য চুক্তির আওতায় ইরান প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের সুযোগ পাবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা।
স্কট বেসেন্ট জানান, সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ থাকলেও ইতোমধ্যে কয়েকটি জাহাজ প্রণালী অতিক্রম করতে শুরু করেছে। তবে এখনো শত শত জাহাজ চলাচলের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এর ফলে জ্বালানি তেলের দাম আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।