https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের চলমান গ্যাস সংকট স্থায়ীভাবে সমাধানে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার আশা, এই সময়ের মধ্যে অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হলে শিল্পখাতে গ্যাস সরবরাহের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও আগের বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্পকারখানায় গ্যাস সংকটের কারণে যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা দীর্ঘদিনের সমস্যা। এ সংকট থেকে স্থায়ীভাবে বের হতে গ্যাস আমদানি ও সরবরাহ অবকাঠামোর সক্ষমতা বাড়াতে হবে।
তিনি জানান, এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে। এই সময়কে শিল্পখাতের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে জরুরি ভিত্তিতে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে।
মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশটির ছোট আকারের এলএনজি পরিবহনকারী জাহাজগুলো বর্তমানে অন্য কাজে নিয়োজিত থাকায় দ্রুত গ্যাস আনার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরও সাময়িকভাবে পরিস্থিতির উন্নতি করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি অবকাঠামো তৈরির পাশাপাশি আগামী দুই বছর শিল্পখাতের সংকট কিছুটা কমিয়ে রাখতে জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়েও কাজ চলছে।