প্রথমবারের মতো ভারতের আয়োজনে বৃহৎ পরিসরের বহুজাতিক বিমান মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। আট দেশের বিমানবাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠিত ‘তরঙ্গ শক্তি-২৬’ নামের এ মহড়ায় বাংলাদেশের পাইলট ও কারিগরি কর্মীরা অংশ নেন।

গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ভারতের রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে মহড়াটি অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতীয় বিমানবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত মহড়াটিতে বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর উড়োজাহাজ অংশ নেয়। এ ছাড়া আরও ৩২টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে মহড়ায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমানবাহিনীর ১৯ সদস্যের একটি দল এ মহড়ায় অংশ নেয়। দলের সদস্যদের মধ্যে পাইলট ও কারিগরি কর্মীরা ছিলেন। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর আরও দুজন সদস্য পর্যবেক্ষক হিসেবে এতে যোগ দেন।

ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ বিমানবাহিনী প্রথমবারের মতো এ ধরনের বৃহৎ পরিসরের বহুজাতিক বিমান মহড়ায় যুক্ত হলো।

মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বিমানবাহিনীর সদস্যরা বহুজাতিক পরিবেশে বিমান পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। একই সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন তাঁরা।

মহড়াটির অন্যতম লক্ষ্য ছিল সমন্বিত বহুজাতিক বিমান পরিচালনা কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা, সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা বাড়ানো।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের বিমানবাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি পেশাগত দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হয়। বাংলাদেশের বিমানবাহিনীর জন্যও এ অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।