শারদীয় দুর্গাপূজার ছুটিতে রাজধানীর মেট্রোরেল চলাচলে ট্রেনের মধ্যবর্তী বিরতি বাড়ানো হচ্ছে। এ সময় পিক আওয়ারে ১০ মিনিট এবং অন্য সময়ে ১০ থেকে ২০ মিনিট পরপর চলবে ট্রেন।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূজার ছুটিতে ব্যস্ত সময়ে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। মেট্রোরেলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং বিকেল পৌনে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে বিবেচিত হয়।
শনিবার থেকে বৃহস্পতিবার উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন ছাড়ে এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায়।
শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ৩টায় এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ২০ মিনিটে প্রথম ট্রেন ছাড়ে। এদিন উত্তরা উত্তর থেকে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে শেষ ট্রেন ছাড়ে।
সাধারণ কর্মদিবসে পিক আওয়ারে প্রতি ৫ থেকে ৬ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। অন্য সময়ে ট্রেনের মধ্যবর্তী বিরতি থাকে ৮ থেকে ১০ মিনিট। তবে দুর্গাপূজার ছুটিতে যাত্রী চাহিদা ও নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচলের ব্যবধান বাড়বে।


মন্তব্য করুন