সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ পালন করতে যাওয়া যাত্রী। তাঁদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজন কুমিল্লার বাসিন্দা।
সোমবার (১৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আকাশপথে যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। ট্রলি হস্তান্তরের ফলে বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁরা হলেন নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার। নিরাপত্তা কর্তৃপক্ষের তদন্তের পর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে আদালতে বিচার শেষে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়।


মন্তব্য করুন