ছবি: -সংগৃহীত
ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। একই সঙ্গে পরিস্থিতির দ্রুত সমাধান হলে পুরো ব্যাংক খাতের জন্য তা ইতিবাচক হবে বলে মত দিয়েছেন তারা।
বুধবার (১০ জুন, ২০২৬) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এ উদ্বেগের কথা জানান এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়; এর প্রভাব পুরো ব্যাংক খাতে পড়ছে। বিষয়টি নিয়ে ব্যাংকাররা উদ্বিগ্ন। গভর্নরও এটিকে কেবল ব্যাংকিং নয়, রাজনৈতিক ইস্যু হিসেবেও বিবেচনা করছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
এবিবি চেয়ারম্যান আরও জানান, বৈঠকে ব্যাংক খাতে সুশাসন, ঋণপ্রবাহ বাড়ানো এবং সিআইবিতে সঠিক তথ্য নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৬০ হাজার কোটি টাকার নতুন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার ও বাংলাদেশ ব্যাংক।
বৈঠকে ব্যাংকিং খাতের সামগ্রিক স্থিতিশীলতা, ঋণ বিতরণ প্রক্রিয়া এবং বাণিজ্যিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।