জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, সনদটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আলোচনার মাধ্যমেই জুলাই সনদকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের সমাধান সম্ভব। এ সময় তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সৃষ্টি করেছে, তা কাজে লাগাতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করছে।
মন্ত্রী আরও বলেন, আন্দোলনের পরিবর্তে এখন সংসদে আলোচনার মাধ্যমে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর সহিংসতার পথে যেতে না হয়। পাশাপাশি সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদের সংস্কৃতি এখনও বিদ্যমান উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। তার ভাষ্য, ১৬ বছরের অপকর্মের প্রভাব অল্প সময়ে দূর করা সম্ভব নয়।

মন্তব্য করুন