জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের নেতা নাঈম আবেদীন। সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ভূঁইয়া তাসকিন।

মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত কমিটির মেয়াদ এক বছর। পাশাপাশি আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত সভাপতি নাঈম আবেদীন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইংয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সংগঠনটির ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা সিনিয়র সংগঠক হিসেবে কাজ করেছেন নাঈম। পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশের পর তিনি সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পান।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণের নতুন সাধারণ সম্পাদক ইমরান ভূঁইয়া তাসকিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই এলাকায় আন্দোলন সংগঠিত করা ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেন তিনি।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে রাজধানীতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে জাতীয় ছাত্রশক্তি।