https://timenewsbangla.com

রাখি বন্ধন উপলক্ষে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করে পোশাক ও বিজ্ঞাপনের উপস্থাপনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন।
বিজ্ঞাপনে অফ-হোয়াইট রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপ ও ড্রেপড স্কার্টে দেখা যায় কৃতিকে। বিজ্ঞাপন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোশাক নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। তাদের দাবি, ভারতীয় ঐতিহ্যবাহী উৎসব রাখি বন্ধনের সঙ্গে এমন পোশাক কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
কেউ কেউ বিজ্ঞাপনের উপস্থাপনাকে ভারতীয় উৎসবকে উপহাস করার সঙ্গে তুলনা করেছেন। আবার কয়েকজন কৃতির পোশাককে আপত্তিকর বলেও মন্তব্য করেছেন।
তবে শুধু পোশাক নয়, বিজ্ঞাপনে একটি কুকুরকে রাখি পরানোর দৃশ্য নিয়েও শুরু হয়েছে আলোচনা। বিজ্ঞাপনে দেখা যায়, কুকুরটি কৃতিকে দেখে ঘেউ ঘেউ করার পর তিনি তার হাতে রাখি পরিয়ে দেন। পোষ্যকেও পরিবারের সদস্য হিসেবে উৎসবের আনন্দে যুক্ত করার এই ভাবনাটি অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন প্রশ্ন করেন, বিজ্ঞাপনে পূজার থালা ও তিলকের মতো রাখি বন্ধনের প্রচলিত উপাদানগুলো কোথায়। অন্য একজন কৃতির পোশাক নিয়েও আপত্তি জানান।
তবে বিজ্ঞাপনটির পক্ষে অবস্থান নিয়েছেন কৃতির অনেক অনুরাগী ও পোষ্যপ্রেমী। তাদের মতে, অনেক পরিবারের কাছেই পোষ্যরা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। তাই উৎসবের আনন্দে তাদের যুক্ত করার ভাবনাটি অস্বাভাবিক নয়। কৃতির পোশাক নিয়েও আপত্তি নেই বলে জানিয়েছেন অনেকে।
ফলে বিজ্ঞাপনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি কৃতি স্যানন।