বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জাম পরিদর্শন, পরীক্ষা-নিরীক্ষা এবং অনুমোদন নবায়নের জন্য নতুন ফি নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে বিদ্যুৎ বিধিমালা, ২০২০-এর তফসিল-১ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন নির্ধারিত ফি অনুযায়ী, উপকেন্দ্রের ক্ষমতাভেদে পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষার ফি ২০ হাজার থেকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

গত ১৫ অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এটি প্রকাশিত হয়। বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৫৯ ধারার ক্ষমতাবলে সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর করা হয়েছে।

নতুন তফসিল অনুযায়ী, ১০০ কেভিএ ক্ষমতার উপকেন্দ্র পরিদর্শনে ২০ হাজার টাকা এবং অনুমোদন নবায়নে ১০ হাজার টাকা দিতে হবে। ৫০০ কেভিএ উপকেন্দ্রের ক্ষেত্রে এ ফি যথাক্রমে ৪০ হাজার ও ২০ হাজার টাকা। ১০ এমভিএ উপকেন্দ্রের পরিদর্শন ফি এক লাখ ৪০ হাজার টাকা এবং নবায়ন ফি ৭০ হাজার টাকা। সর্বোচ্চ তালিকাভুক্ত ৫০০ এমভিএ উপকেন্দ্রের পরিদর্শন ফি ৩০ লাখ টাকা এবং নবায়ন ফি ১৫ লাখ টাকা।

প্রজ্ঞাপনে ভবনের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ওয়্যারিং ডায়াগ্রামসহ সেফটি প্ল্যান অনুমোদনের ফি ৫০ কিলোওয়াটের কম ব্যবহারে পাঁচ হাজার এবং ৫০ কিলোওয়াট বা তার বেশি ব্যবহারে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এনার্জি মিটার পরীক্ষায় সিঙ্গেল ফেজ মিটারের জন্য দুই হাজার, থ্রি-ফেজ মিটারের জন্য পাঁচ হাজার এবং মেইন বা এইচটি মিটারের জন্য ১০ হাজার টাকা দিতে হবে। প্যাসেঞ্জার, ক্যাপসুল ও বেড লিফট পরিদর্শনে ছয় হাজার এবং কার্গো, গুডস, কার, ফায়ার ফাইটিং ও সার্ভিস লিফটে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। লিফটের আর্থিং পরীক্ষার ফি প্রতি ইলেকট্রোডে ৫০০ টাকা।নির্ধারিত ফি ট্রেজারি চালান অথবা অনলাইনে ই-চালানের মাধ্যমে জমা দিয়ে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে আবেদন করতে হবে। একই সঙ্গে ২০১৪ সালের সংশ্লিষ্ট আদেশটি রহিত করা হয়েছে।