https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সম্পর্ক ভালো করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ক ঠিক থাকলে দুই দেশের অন্যান্য সম্পর্কও ভালোভাবে এগিয়ে যাবে।
সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক নানা ইস্যু থাকতেই পারে। তবে দুই দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, উন্নয়ন চায়। উভয় দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করা সবার দায়িত্ব।
তিনি দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বাংলাদেশের তৈরি পোশাক খাতের সঙ্গে ভারতের যন্ত্রপাতি, জিপার ও বোতামসহ বিভিন্ন উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানকে যুক্ত করার কথা উল্লেখ করে তিনি বলেন, এতে দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা তৈরি হবে।
ভারতের হাইকমিশনার বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে তৈরি পোশাকের সুনাম রয়েছে। যুক্তরাষ্ট্র বা ইউরোপের বাজারে গিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা পোশাক দেখলে তাঁর ভালো লাগে। দুই দেশ একসঙ্গে কাজ করলে এই খাতসহ বিভিন্ন ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়া সম্ভব।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে। তবে গত দেড় বছরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বৈঠকে এসব বিষয় তুলে ধরে বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে।
মন্ত্রী জানান, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বৈঠকে ভারতের সঙ্গে স্থলবন্দরগুলো পুরোপুরি সচল করা, সীমান্ত হাট পুনরায় চালু করা এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে। নতুন বিনিয়োগের সুযোগ তৈরি ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।