https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবন ও কর্ম নিয়ে নির্মিত সৃজিত মুখার্জির সিনেমা ‘পদাতিক’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ২০২৪ সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি আগামী ২৮ আগস্ট থেকে জি ফাইভে দেখা যাবে।
সিনেমাটিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চরিত্রটির রূপায়ণ করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
তবে ‘পদাতিক’ চঞ্চলের কাছে শুধু একটি সিনেমা নয়, ব্যক্তিগতভাবেও এটি বিশেষ একটি কাজ। সিনেমাটির শুটিং শুরুর আগেই বাবাকে হারান অভিনেতা। সেই শোক সামলে মৃণাল সেনের মতো একজন কিংবদন্তি নির্মাতার চরিত্রে অভিনয় করতে হয়েছিল তাকে। ফলে চরিত্রটি তার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে আছে।
সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষ। মৃণালের কৈশোরের চরিত্রে দেখা গেছে কোরক সামন্তকে। আর তার ছেলে কুণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন সম্রাট চক্রবর্তী।
‘পদাতিক’ একই সময়ে বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু কলকাতার আরজি কর-কাণ্ড ঘিরে আন্দোলন এবং বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এবার প্রেক্ষাগৃহের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে। তবে জি ফাইভের কনটেন্ট বাংলাদেশ থেকে সরাসরি দেখা যায় না। ফলে বাংলাদেশের দর্শকদের সিনেমাটি দেখতে বিকল্প পদ্ধতির ওপর নির্ভর করতে হতে পারে।