https://timenewsbangla.com

বাংলার গ্রামীণ জীবন, লোকজ সংস্কৃতি ও প্রকৃতির বৈচিত্র্য দেখতে ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত জাদুঘরটি পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী।
জাদুঘরে পৌঁছালে রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
পরিদর্শনের শুরুতে তিনি রাষ্ট্রদূতকে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর প্রতিষ্ঠার পটভূমি ও উদ্দেশ্য সম্পর্কে জানান। গ্রামীণ জীবন, জীববৈচিত্র্য, লোকজ সংস্কৃতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারা, নদী ও পরিবেশ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে জাদুঘরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
পরে রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, লোকজ পুতুল ও খেলনা, নদী, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বাদ্যযন্ত্র, তৃণমূলের লোকজ, বিজ্ঞান, বৃক্ষ এবং মহান মুক্তিযুদ্ধ গ্যালারি পরিদর্শন করেন তাঁরা।
গ্যালারিগুলোতে সংরক্ষিত পুরোনো দিনের গ্রামীণ জীবনের নানা উপকরণ, লোকজ সংস্কৃতির নিদর্শন, দেশীয় বাদ্যযন্ত্র ও প্রকৃতিনির্ভর সংগ্রহ সম্পর্কে আগ্রহ নিয়ে জানতে চান রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী। বিশেষ করে হারিয়ে যেতে বসা বাংলার ঐতিহ্যকে একই পরিসরে সংরক্ষণ ও উপস্থাপনের উদ্যোগ তাঁদের দৃষ্টি আকর্ষণ করে।
পরিদর্শনের অন্যতম আকর্ষণ ছিল জাদুঘরের বৃক্ষ গ্যালারি। সেখানে বৃক্ষের নমুনার পাশাপাশি জীবন্ত বৃক্ষকেও সংগ্রহ হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রকৃতি, ইতিহাস ও লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান মার্কিন রাষ্ট্রদূত।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||