বিয়ের মাত্র চার মাসের মাথায় প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন তন্নি দে (২০) নামে এক নববধূ। বিজয়া দশমীর আনন্দঘন মুহূর্তে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড-সংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে।

তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতে এ বছরই প্রথম দুর্গাপূজা উদ্‌যাপন করতে এসেছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে সিঁদুর খেলা ও প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন। একপর্যায়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি।

এ সময় উপস্থিত স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েন বাবা মহাদেব দে ও পরিবারের অন্য সদস্যরা।

তালা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার ও স্থানীয় সূত্রে তন্নির মৃত্যুর বিষয়টি জানা গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নববধূর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েছিলেন।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।