https://timenewsbangla.com

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
২৬ আগস্ট ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বেশ কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। ফলে নেপালের বিদ্যুৎ রপ্তানি সক্ষমতাও কমে গেছে।
ভারতের বিদ্যুৎ গ্রিড ব্যবহার করে বাংলাদেশ সম্প্রতি নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু করেছিল। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পাওয়া দুটি প্রকল্প—২২ দশমিক ১ মেগাওয়াটের চিলমি এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলি জলবিদ্যুৎকেন্দ্র—বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহ থেকে কেন্দ্র দুটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী দুটি কেন্দ্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর সুযোগ দিতে ভারতকে অনুরোধ করা হয়েছে।
বন্যার কারণে নেপালের বিদ্যুৎ রপ্তানি বর্তমানে প্রায় ১ হাজার মেগাওয়াট থেকে কমে ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে।