https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়ি ও এর চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বনানী থানা-পুলিশ মেঘলার পরিবারকে বিষয়টি জানায়।
গত ২৮ জুলাই রাতে বনানী এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি মেঘলা মুক্তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারী ও স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ওই ঘটনায় মেঘলার বন্ধু ও সহশিল্পী অভিনেতা ইমতিয়াজ বর্ষণ বাদী হয়ে বনানী থানায় অভিযোগ করেন।
দুর্ঘটনায় মেঘলার মুখ ও মাথায় গুরুতর আঘাত লাগে। প্রায় এক মাস নিবিড় পরিচর্যাকেন্দ্র ও কেবিনে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি বাসায় ফিরেছেন তিনি। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার মুখে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে। তবে এখনো পুরোপুরি সুস্থ হননি এই অভিনেত্রী।
পুলিশের তৎপরতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে গত ১ সেপ্টেম্বর মেঘলার বাবা বনানী থানায় মামলা করেন। পরে গুলশান বিভাগের উপকমিশনার তানভীর আহমেদের নির্দেশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়িটি শনাক্ত করা হয়।
মেঘলা মুক্তার অভিযোগ, দুর্ঘটনার পর থেকে তার পরিবার কাঙ্ক্ষিত পুলিশি সহযোগিতা পায়নি। গাড়ি শনাক্ত ও আইনি পদক্ষেপের জন্য তাদের বারবার থানায় যেতে হয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মেঘলা ও তার পরিবার।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিকে কারাগারে পাঠানোর পাশাপাশি আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।