https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের কোক স্টুডিও নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তার মতে, পাকিস্তানের কোক স্টুডিওর যে স্বতন্ত্র আবহ ও সুরের আবেদন রয়েছে, ভারতের সংস্করণে তা নেই।
সম্প্রতি মির্চি ইউএইকে দেওয়া এক সাক্ষাৎকারে কোক স্টুডিওর দুই দেশের সংস্করণের পার্থক্য নিয়ে কথা বলেন আতিফ। পাকিস্তানের কোক স্টুডিও কোন দিক থেকে এগিয়ে—উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে এক শব্দে তিনি বলেন, ‘জাদু’।
আতিফের ভাষ্য, দুই দেশের সংগীত আয়োজনই ভালো হলেও ভারতের সংস্করণে অতিরিক্ত বাণিজ্যিক প্রবণতা কাজ করছে। অন্যদিকে পাকিস্তানের কোক স্টুডিও সংগীতের মৌলিকতা ও নিজস্ব সংস্কৃতির আবহ ধরে রাখার ওপর বেশি গুরুত্ব দেয়।
তিনি বলেন, পাকিস্তানি সংস্করণে শিল্পীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের স্বাধীনতা পান। সংগীতের সঙ্গে শিল্পীদের আবেগ ও নিজস্বতার সংযোগই অনুষ্ঠানটিকে আলাদা আবেদন দিয়েছে বলে মনে করেন তিনি।
কোক স্টুডিও পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে আতিফ আসলামের। অনুষ্ঠানের বিভিন্ন মৌসুমে তার পরিবেশিত ‘তাজদারে হারাম’, ‘ওহি খোদা হ্যায়’, ‘সাজন দাস না’ ও ‘গো’-এর মতো গান শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
২০০৫ সালে ‘জহের’ সিনেমার ‘ভো লামহে’ গানের মাধ্যমে বলিউডে পরিচিতি পান আতিফ। পরে ‘তেরে বিন’, ‘পেহলি নজর মে’, ‘তু জানে না’, ‘জিনা জিনা’ ও ‘দিল দিয়া গাল্লা’র মতো জনপ্রিয় গান উপহার দেন তিনি।
দীর্ঘ বিরতির পর সম্প্রতি নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’ নিয়ে ফিরেছেন এই শিল্পী। নিজের মতো করে গান তৈরির স্বাধীনতা থেকেই নতুন অ্যালবামের যাত্রা শুরু করেছেন বলে জানান আতিফ।