বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াকা শহরের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরক রাসায়নিক মজুত রাখা একটি স্থাপনায় বিস্ফোরণটি ঘটে। ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির মজুত থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভিয়াকা শহরের স্বাস্থ্য বিভাগের পরিচালক রিটা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে। আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক কিশোরীর শরীরের তৃতীয় মাত্রার দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আশপাশের একাধিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং আরও বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।

ঝুঁকি বিবেচনায় ঘটনাস্থলের ১৫০ মিটারের মধ্যে সাধারণ মানুষকে অবস্থান না করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।