জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিংমলের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আসিফ আকবর জানান, ঘটনার সময় তিনি শপিংমলের ওপরের তলায় নিজের অফিসে ছিলেন। গাড়িতে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় তার পার্ক করা ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে এই সংগীতশিল্পী জানান, বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানও গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে সে সময় তিনি গাড়িতে ছিলেন না। ফলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, কারা এই হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।