https://timenewsbangla.com

ক্যানসারের চিকিৎসা নিতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি রোগী ও তাদের স্বজনরা। ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের পর অগ্নিনিরাপত্তার ঘাটতিতে শহরের বিভিন্ন এলাকার বহু হোটেল, গেস্টহাউস ও লজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
এতে ঠাকুরপুকুর ও মুকুন্দপুরের হাসপাতাল এলাকায় চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের আবাসন সংকট তীব্র হয়েছে। কম খরচের হোটেল বন্ধ থাকায় খোলা হোটেলগুলোর ভাড়া কয়েক গুণ বেড়েছে বলেও অভিযোগ রয়েছে।
থাকার জায়গা না পেয়ে অনেকে ফুটপাত ও রাস্তার পাশে রাত কাটাচ্ছেন। বর্ষায় মশার উপদ্রব, ডেঙ্গু-ম্যালেরিয়ার ঝুঁকি এবং পর্যাপ্ত শৌচাগারের অভাবে দুর্ভোগ আরও বেড়েছে। কেমোথেরাপির পর রোগীদের প্রয়োজনীয় বিশ্রামও ব্যাহত হচ্ছে।