https://timenewsbangla.com

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচারী ও অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। সমস্যা থাকলেও সেটিকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না। কেউ অরাজকতা করলে তা নিয়ন্ত্রণে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সরকার গণতান্ত্রিক নীতি-নৈতিকতা সমুন্নত রাখতে কাজ করবে। একই সঙ্গে জনগণের প্রতি বিভ্রান্তি ছড়ানো রাজনৈতিক শক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সাধারণ মানুষ ও শিল্পকারখানার মালিকদের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন মানুষ এমন সংকটে না পড়ে, সে অনুযায়ী কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।
আলোচনায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি ২০২৪ সালের আন্দোলনে জনগণের ভূমিকার কথা উল্লেখ করে বিএনপির অবদানের কথাও বলেন।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।