আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে ঢাকার বাতাসের মানের আবারও অবনতি হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকার বায়ুর মানসূচক বা একিউআই ১৫৯ রেকর্ড করা হয়। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় যৌথভাবে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এ ধরনের বায়ুতে দীর্ঘসময় অবস্থান করলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

তালিকায় ১৯৬ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। ১৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর এবং ১৭২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর।

পাকিস্তানের লাহোর ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ এবং কাতারের রাজধানী দোহা ১৬০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। ১৫৯ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুচিং ও ঢাকা যৌথভাবে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে।

এ ছাড়া ১৫৬ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই অষ্টম, ১৪৯ স্কোর নিয়ে বাহরাইনের মানামা নবম এবং ১৪৮ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি দশম অবস্থানে রয়েছে।

বায়ুমান সূচকে ১৫১ থেকে ২০০-এর মধ্যে স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই মাত্রার দূষিত বাতাসে সুস্থ মানুষেরও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা অ্যাজমায় আক্রান্তদের ঝুঁকি তুলনামূলক বেশি।