বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে ‘ওটিপি’ বা একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড ছাড়া কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. তোফায়েল হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ প্রবেশপত্র বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের প্রবণতা সম্প্রতি বেড়েছে। অনুমোদনবিহীনভাবে প্রবেশের এ ধরনের ঘটনা সচিবালয়ের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি এতে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় সচিবালয়ে আসা প্রত্যেক দর্শনার্থীর প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করতে হবে। যাচাই শেষে অনুমোদন সাপেক্ষেই তাদের সচিবালয়ে প্রবেশের সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য করুন