বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি।
বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর আলজেরিয়া প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে আলজেরিয়ার আগ্রহের কথাও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ওষুধ আমদানি বাড়াতে পারে। একই সঙ্গে ডাক্তার, নার্সসহ দক্ষ বাংলাদেশি জনশক্তি নেওয়ার জন্য আলজেরিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে আদালতের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপরও তিনি গুরুত্ব দেন।
বৈঠকে উভয় পক্ষ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

মন্তব্য করুন