রণবীর কাপুর অভিনীত ‘রকস্টার’ ছবির গান একসময় শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ছবির সংগীত পরিচালনা করে প্রশংসিতও হয়েছিলেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। তবে গান জনপ্রিয় হলেও নিজের পারিশ্রমিক পেতে তাকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ আট মাস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘রকস্টার’ ছবিতে কাজের সময়ের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন রহমান। তিনি জানান, ছবির সংগীত নিয়ে শুরু থেকেই সন্তুষ্ট ছিলেন না প্রযোজকেরা। তাদের অসন্তুষ্টির কারণে ছবি মুক্তির পরও আটকে রাখা হয়েছিল তার পারিশ্রমিক।

রহমানের ভাষ্য অনুযায়ী, ছবির প্রযোজক সরাসরি জানিয়েছিলেন, তার তৈরি গানগুলো পছন্দ হয়নি। এ কারণে পারিশ্রমিক দিতেও অনাগ্রহ প্রকাশ করেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, সহশিল্পীদের পারিশ্রমিক ও যাতায়াতের খরচও নিজের পকেট থেকে মেটাতে হয়েছিল রহমানকে।

তবে ছবিটি মুক্তির প্রায় আট মাস পর গানগুলো শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেলে অবশেষে নিজের পাওনা বুঝে পান এই সংগীতশিল্পী।

সাক্ষাৎকারে ছবিটির পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে তৈরি হওয়া ভুল-বোঝাবুঝির কথাও তুলে ধরেন রহমান। তিনি জানান, ছবির জন্য একের পর এক গান তৈরি করলেও পরিচালকের সঙ্গে তার সরাসরি যোগাযোগ হচ্ছিল না।

এদিকে ইমতিয়াজ আলির ধারণা হয়েছিল, রহমান হয়তো ছবিটিতে কাজ করতে আগ্রহী নন। কিন্তু সৌজন্যের কারণে সরাসরি প্রস্তাব ফিরিয়ে দিতে পারছেন না।

পরে দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগাহ এলাকায় ছবির লোকেশন দেখতে গিয়ে এই ভুল-বোঝাবুঝির অবসান হয়। সেখানে ইমতিয়াজ জানতে পারেন, রহমান এরই মধ্যে ছবির জন্য গান তৈরি করে ফেলেছেন। এরপর দুজনের মধ্যে সরাসরি যোগাযোগ শুরু হয় এবং ছবির কাজও এগিয়ে যায়।

তবে জনপ্রিয় এই ছবির সংগীত তৈরির পেছনে এমন তিক্ত অভিজ্ঞতা এবং পরিচালকের সঙ্গে যোগাযোগের ঘাটতির ঘটনা এবারই প্রথম প্রকাশ্যে আনলেন এ আর রহমান।