পদ্মা সেতুতে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা থেকে রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত সেতু দিয়ে ৭ হাজার ৩৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৯০ লাখ ১২ হাজার ১০০ টাকা।

সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মাওয়া প্রান্ত দিয়ে ৪ হাজার ৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ৫৩ লাখ ২৯ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ৩ হাজার ৩০১টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্ত থেকে আদায় হয়েছে ৩৬ লাখ ৮২ হাজার ৩০০ টাকা।

এদিকে, রোববার ভোর ৬টা ১০ মিনিটে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় দুর্বৃত্তদের অবরোধের কারণে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা যৌথভাবে কাজ করেন।

যাত্রী ও যানবাহনের নিরাপত্তায় শরীয়তপুর জেলা পুলিশের সুপারিশে মাওয়া প্রান্ত থেকে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। ভোর ৬টা ৪০ মিনিট থেকে সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত ৪০ মিনিট এ সিদ্ধান্ত কার্যকর ছিল।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সকাল ৭টা ২০ মিনিট থেকে পদ্মা সেতুর উভয় প্রান্তে আবার যান চলাচল শুরু হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, সেতু এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, এসআরবি ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।