প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবে তরুণ প্রজন্মের মানসিকতা, মূল্যবোধ ও সামাজিক আচরণে পরিবর্তন ঘটছে। এর ইতিবাচক দিকের পাশাপাশি অসহিষ্ণুতা, বিভাজন ও সামাজিক মেরুকরণের ঝুঁকিও বাড়ছে। এমন বাস্তবতায় তরুণদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)তে ‘Empathy, Tolerance and Social Cohesion: Building a Better Society’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (এফএএসএস) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে স্বাধীনতা অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিয়া হক এবং বিইউপির সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার শাম্মি আক্তার।
আলোচনায় তরুণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহনশীলতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ সামাজিক স্থিতিশীলতা ও সম্প্রীতি অনেকাংশে নির্ভর করবে তরুণ প্রজন্ম ভিন্ন মত, সংস্কৃতি ও মূল্যবোধের মানুষের সঙ্গে কতটা সহনশীলতার সঙ্গে সহাবস্থান করতে পারে তার ওপর। এজন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও দায়িত্বশীল আচরণের চর্চা প্রয়োজন।
সেমিনারে বিইউপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন