দেশের চলমান রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। দলটি বলছে, সংকট উত্তরণে নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপ আয়োজন করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলটির মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ।

দলটির সাত দফা দাবির মধ্যে রয়েছে—হিংসা ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, মব সন্ত্রাস ও দখলদারত্ব বন্ধ, ৫ আগস্ট-পরবর্তী অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এআরটি চুক্তির পূর্ণাঙ্গ শর্ত প্রকাশ।

এ ছাড়া চুক্তিটির অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করে জাতীয় স্বার্থবিরোধী শর্ত সংশোধন এবং প্রয়োজনে বাতিলের দাবি জানিয়েছে দলটি। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনা চুক্তি পুনর্মূল্যায়ন, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং পাহাড়ি-বাঙালি সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবিও রয়েছে।

রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি, আইনের শাসন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছে দলটি।

লিখিত বক্তব্যে আবদুস সামাদ বলেন, রাজনৈতিক অসহিষ্ণুতা, চাঁদাবাজি, মব সন্ত্রাস, দখলদারত্ব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনমনে উদ্বেগ তৈরি করছে। গণঅভ্যুত্থানের প্রকৃত সার্থকতা ক্ষমতার পরিবর্তনে নয়, বরং রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায়।

তিনি আরও বলেন, অপরাধের অভিযোগে কাউকে মারধর, হত্যা কিংবা সম্পদে হামলা করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। অপরাধের বিচার হতে হবে আদালতের মাধ্যমে, মবের হাতে নয়।

সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান মাওলানা এম এ মতিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।