বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি, এমনকি দলে ফেরার ইচ্ছাও নেই বলে স্পষ্ট জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান তুলে ধরেন।

পোস্টে রুমিন ফারহানা লেখেন, অনেকেই অস্থির হয়ে জানতে চাইছেন তিনি বিএনপিতে ফিরবেন কি না। তাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করেননি। তার কোনো কথা বা আচরণেও দলে ফেরার ইঙ্গিত খুঁজে পাওয়ার কারণ নেই।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, আল্লাহ তাকে বর্তমানে যে অবস্থানে রেখেছেন, সে জন্য কৃতজ্ঞতার শেষ নেই।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করে বিএনপি। পরে তাদের অনেকেই দলে ফেরার আবেদন করেন।