ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্যাশলেস লেনদেনের ইকোসিস্টেম সম্প্রসারণে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা ‘দ্য মানি অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছে বাংলাদেশের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এ পুরস্কার আসরে দুটি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি বৈশ্বিক ইভেন্ট ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম মানি২০/২০ আয়োজিত ‘দ্য মানি অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে বিকাশকে এ পুরস্কার দেওয়া হয়।
সহজে ব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক আর্থিক নেটওয়ার্কে যুক্ত করার স্বীকৃতি হিসেবে ‘পেমেন্টস – ফিন্যানশিয়াল ইনক্লুশন’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বিকাশ।
এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনের আওতায় আনা এবং আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়ানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা স্বীকৃতি পেয়েছে।
অন্যদিকে, সাধারণ গ্রাহক ও মার্চেন্টদের মধ্যে সমন্বিত লেনদেনব্যবস্থা গড়ে তোলা, দৈনন্দিন ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং জাতীয় ক্যাশলেস রূপকল্প এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে বিকাশ।
বিশ্বের শীর্ষস্থানীয় ফিনটেক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক বিচারক প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। আর্থসামাজিক ব্যবধান কমানো এবং ডিজিটাল অর্থনীতির রূপান্তর ত্বরান্বিত করতে ভূমিকা রাখা উদ্ভাবনী উদ্যোগগুলোকে এ আয়োজনে গুরুত্ব দেওয়া হয়।
২০২৫ সালে চালু হওয়া ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’-এর আগের আসরগুলোতে জেপি মরগান পেমেন্টস, অ্যান্ট গ্রুপ ও মিন্টের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে।
এবার বিশ্বের মোট ২৮টি উদ্যোগকে ছয়টি বিভাগে পুরস্কৃত করা হয়েছে। বিভাগগুলো হলো আর্লি স্টেজ স্টার্ট-আপ, গ্রোথ স্টেজ স্টার্ট-আপ, ব্যাংকিং, পেমেন্টস, পার্টনারশিপস অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এবং ডায়মন্ড।
বিকাশের এ অর্জন ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল আর্থিক সেবায় অন্তর্ভুক্তি এবং দেশে ক্যাশলেস লেনদেনের প্রসারে প্রতিষ্ঠানটির উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন