গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় কারখানাটিতে আগুন লাগে। পরে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কারখানার ভেতরে থাকা কার্টন তৈরির অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো, ডিবিএল ও মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুনে কারখানার ভেতরে থাকা কার্টন ও পোশাক তৈরির সুতা পুড়ে গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
তিনি আরও জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।কারখানাটিতে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করা হচ্ছে।

মন্তব্য করুন