ভারতের বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটার তালিকা হালনাগাদের এসআইআর কার্যক্রমসহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের মধ্যে কংগ্রেসের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, সংসদ অচল করা এবং অন্য বিরোধী নেতাদের কণ্ঠরোধের অভিযোগ তুলেছেন তিনি। একই সঙ্গে রাহুল গান্ধীকে ইঙ্গিত করে কংগ্রেসের নেতৃত্বকে ‘ব্যর্থ পণ্য’ বারবার সামনে আনার চেষ্টা বলেও কটাক্ষ করেছেন মোদি।

বৃহস্পতিবার একটি গণমাধ্যম সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্ব যখন নতুন বিশ্বব্যবস্থার সন্ধান করছে, তখন কিছু মানুষ ভারতে বিশৃঙ্খলা তৈরির স্বপ্ন দেখছে।

মোদির অভিযোগ, বিদেশে গিয়ে কংগ্রেসের নেতারা ভারতের বদনাম করছেন এবং দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে বিদেশিদের কাছে আবেদন জানাচ্ছেন। তাঁর মতে, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরার পরিবর্তে বিরোধীরা দেশের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

কংগ্রেসের নেতৃত্বকে কটাক্ষ করে মোদি বলেন, নিজেদের ‘ব্যর্থ পণ্য’ বারবার পুনরায় চালুর চেষ্টা করতে গিয়ে দলটি দেশকে কত দিন ঝুঁকির মধ্যে রাখবে? শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণের চেয়েও বেশি বার কংগ্রেস তাদের নেতাকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে।

গান্ধী পরিবারকে কংগ্রেসের জন্য বোঝা হিসেবে বর্ণনা করে মোদি আরও অভিযোগ করেন, পরিবারের রাজনৈতিক ব্যর্থতা আড়াল করতে দলটি ভারতের সাফল্য ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে।

সংসদে বিরোধীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, কংগ্রেস একজন নির্দিষ্ট নেতাকে আলোচনার কেন্দ্রে রাখতে গিয়ে সংসদের কার্যক্রম ব্যাহত করছে। এতে সরকারের গঠনমূলক সমালোচনা করতে আগ্রহী অন্য বিরোধী সংসদ সদস্যরাও বক্তব্য দেওয়ার সুযোগ হারাচ্ছেন।

মোদি বলেন, গণতন্ত্রের স্বার্থে সরকারের ভুলত্রুটি তুলে ধরা এবং সংস্কারের দাবিতে আন্দোলন করা গুরুত্বপূর্ণ। কিন্তু কংগ্রেসের কর্মকাণ্ডে এসব উদ্যোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সবশেষে কংগ্রেসকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে দলটি ‘নগর নকশালদের’ প্রভাবে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী।