ইউক্রেনে রুশ নেতার নৃশংস যুদ্ধ সত্ত্বেও ভ্লাদিমির পুতিনকে ‘মানবিক’ (humanitarian) আখ্যা দেওয়ায় বুধবার সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
ইউক্রেনে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘ বছর ধরে আটক থাকা মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডের মুক্তির বিষয়ে আলোচনার জন্য সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় উইটকফ এই মন্তব্য করেন।
হাবার্ডের মুক্তির প্রসঙ্গ টেনে উইটকফ বলেন, “আপনি আমার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে অনেকবার বলেছেন যে তিনি একজন মানবিক মানুষ—আপনি নিজেও একজন মানবিক মানুষ, স্যার; আমি আপনাকে স্যালুট জানাই।““আমি আপনার প্রশংসা করছি এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।”
উইটকফ ও পুতিনের বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় পুনরায় যোগ দিতে রাশিয়া নীতিগতভাবে প্রস্তুত। তবে উইটকফের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ট্রাম্পের ইউক্রেন থেকে সরে এসে পুতিনের দিকে ঝুঁকে পড়ার বিষয়টি—যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধটি শুরু করেছেন—তীব্র সমালোচনার মুখে পড়েছে।
রিপাবলিকান সিনেটর থম টিলিস, যিনি সাম্প্রতিক মাসগুলোতে প্রায়ই ট্রাম্পের সমালোচনা করেছেন, তিনি বিস্ময় প্রকাশ করে বলেন: “কী হচ্ছে এসব, স্টিভ? ‘মানবিক’ শব্দটির অর্থ একবার খুঁজে দেখুন,” তিনি ‘এক্স’-এ এক পোস্টে লেখেন।
উইটকফের এই মন্তব্যকে খুব একটা গুরুত্ব দেননি ট্রাম্প। উইটকফ ট্রাম্পের ব্যবসায়িক বন্ধু; গত বছর দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প তাকে ইউক্রেন, ইরান ও গাজা সংঘাতের বিষয়ে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
নিজের দূতের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, “আচ্ছা, নির্দিষ্ট ওই উদ্দেশ্যটির কথা যদি বলেন—অর্থাৎ এমন একজন ব্যক্তিকে মুক্তি দেওয়া, যিনি হয়তো ভেবেছিলেন তাকে সারাজীবন কারাগারেই কাটাতে হবে—তাহলে হয়তো তাকে (পুতিনকে) মানবিক বলা যেতে পারে।”“তবে দেখুন, আমি এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো পক্ষ নিচ্ছি না।”
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স অবশ্য উইটকফের মন্তব্যের পক্ষে দাঁড়িয়েছেন।ওহাইওতে এক অনুষ্ঠানে ভ্যান্স বলেন, “একজন আমেরিকান জিম্মিকে মুক্তি দিয়েছেন এমন ব্যক্তির উদ্দেশ্যে স্টিভ উইটকফ ভালো কিছু বলেছেন, আমি তার সঙ্গে একমত।”
“এর পেছনের মূল ভাবনার সঙ্গে আপনি একমত হোন বা না হোন, স্টিভ উইটকফ একজন কূটনীতিক। তার কাজ হলো সেখানে যাওয়া এবং একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করা।”

মন্তব্য করুন