https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইন্টারপোলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।
তিনি আরও জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফেডারেল পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো আবুধাবি আনুষ্ঠানিক বার্তায় বাংলাদেশকে নিশ্চিত করেছে যে, বেনজীর আহমেদকে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তিনি আটক রয়েছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমিরাতের প্রচলিত আইনের বিধান অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এনসিবি ঢাকা প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে।
তিনি জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, জাল নথি ব্যবহার, অপরাধে সহায়তা, দুর্নীতি এবং পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, “কোনো ব্যক্তি যত প্রভাবশালীই হোন না কেন, আইনের ঊর্ধ্বে নন। বেনজীর আহমেদের গ্রেপ্তার এবং তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
বিবৃতির সময় সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে এ তথ্যকে স্বাগত জানান। পরে সংসদ কক্ষে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।