দেশের চার বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
বুধবার (১৭ জুন) প্রকাশিত আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার থেকে মানিকগঞ্জ, নীলফামারী ও রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বুধবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নরসিংদীতে, ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য করুন