ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭ হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাসসহ প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ৩১ ঘণ্টার যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর

নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু পুলিশের

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০১ জুলাই ২০২৬   ৩৩ বার পঠিত
নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু পুলিশের

ছবি: -সংগৃহীত

নতুন ইউনিফর্ম পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। বুধবার থেকে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের ট্রাউজার পরিধান করে দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে নতুন পোশাকে দায়িত্ব পালন করেন পুলিশ কর্মকর্তারা। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়। উভয়ের ট্রাউজার ছিল খাকি রঙের।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানান, বুধবার থেকেই নতুন পোশাক পরা শুরু হয়েছে। তবে এখনও সব সদস্য নতুন ইউনিফর্ম পাননি; পর্যায়ক্রমে সবাইকে তা সরবরাহ করা হবে।

২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের দাবি জোরালো হয়। সে ধারাবাহিকতায় গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন পোশাকবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নতুন বিধান অনুযায়ী জেলা পুলিশ এবং র‍্যাব ছাড়া অধিকাংশ ইউনিটের সদস্যদের গাঢ় নীল শার্ট ও খাকি ট্রাউজার পরতে হবে। একই সঙ্গে জার্সি, কার্ডিগান, জ্যাকেট, নারী পুলিশের পোশাক, মাথার আবরণ ও মৌসুমি ইউনিফর্মের রঙ ও নকশাতেও পরিবর্তন আনা হয়েছে।

নারী পুলিশ সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি, ইউনিটভেদে নির্ধারিত রঙের ব্লাউজ, অনুমোদিত গাঢ় নীল মাথার আবরণ এবং প্রয়োজন অনুযায়ী পূর্ণহাতা পোশাক ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এছাড়া গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের অনুমোদন নিয়ে সাধারণ পোশাক পরার বিধানও বহাল রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের নতুন ইউনিফর্ম ধাপে ধাপে দেশের সব ইউনিটে চালু করা হবে।