মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের অবসান এবং সম্ভাব্য শান্তি চুক্তির অগ্রগতি নিয়ে বুধবার কাতারের রাজধানী দোহায় পরোক্ষ আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এ কারিগরি পর্যায়ের বৈঠকের তথ্য কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ভিত্তিতে প্রস্তুত হওয়া সমঝোতা স্মারক নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এ বৈঠকে অংশ নিচ্ছেন না। তারা মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে পৃথক বৈঠক করেন।
সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের অবসানে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বৈঠকের কথা বলেছিলেন, ইরান তা নাকচ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো পর্যায়ের আলোচনার পরিকল্পনা বর্তমানে নেই বলেও তিনি স্পষ্ট করেন।