ঢাকা
২৭ আগস্ট ২০২৬

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে পাবেন ১০ লাখ টাকা ঋণ, সংসদে জানালেন অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১২ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
নতুন উদ্যোক্তারা বিনা জামানতে পাবেন ১০ লাখ টাকা ঋণ, সংসদে জানালেন অর্থমন্ত্রী

ছবি: -সংগৃহীত

নতুন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা আরও সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা এবং জামানতের ভিত্তিতে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

তিনি আরও জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।

এ ছাড়া স্টার্টআপ খাতে ঋণের পাশাপাশি ইক্যুইটি বিনিয়োগের সুযোগ তৈরি করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে ‘বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি, পিএলসি’ গঠন করা হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে যোগ্য স্টার্টআপগুলো ইক্যুইটি সহায়তা নিতে পারবে।

অর্থমন্ত্রী জানান, প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন কর্মসূচি গত বছরের জুলাইয়ে সফলভাবে শেষ হয়েছে। এর ধারাবাহিকতায় ১ হাজার ২০০ কোটি টাকার নতুন তহবিল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, এসব ঋণ ও সহায়তা কর্মসূচি দেশের সব জেলার জন্য প্রযোজ্য হবে। ফলে কুড়িগ্রাম-৩সহ সারাদেশের নতুন উদ্যোক্তা ও তরুণ ব্যবসায়ীরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031